উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি ||
রাঙ্গামাটিতে কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এএসআই (নিঃ) মোঃ মাহাবুর হাসান মারা গেছেন। তার মৃত্যুতে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ খ্রি. তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়ীতে কর্মরত এএসআই মাহাবুর হাসান দায়িত্ব পালনকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় সিএনজি যোগে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ মার্চ ২০২৬ খ্রি.) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এই ঘটনায় পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।