উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
রাঙ্গামাটি পার্বত্য জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য বিতরণ নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘FUEL TRACK BD’ নামের একটি ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশের সমন্বয়ে এবং ফুয়েল পাম্প মালিকদের সক্রিয় সহযোগিতায় এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ব্যবস্থার মাধ্যমে প্যানিক বায়িং, মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে এবং প্রত্যেক নাগরিক তার ন্যায্য পরিমাণ জ্বালানি পাওয়ার সুযোগ পাবে।FUEL TRACK BD একটি সম্পূর্ণ ডিজিটাল ও রিয়েল-টাইম ট্র্যাকিং ভিত্তিক প্ল্যাটফর্ম। এতে স্মার্ট অ্যালোকেশন, স্বচ্ছ লেনদেন এবং কার্যকর তদারকির মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা করা হবে। একই প্ল্যাটফর্মে ভোক্তা, ফুয়েল স্টেশন ও প্রশাসন যুক্ত থাকায় অপচয় কমবে, অপ্রয়োজনীয় ভিড় হ্রাস পাবে এবং ফুয়েল স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।ডিজিটাল ফুয়েল কার্ড পেতে ব্যবহারকারীরা www.fueltrackbd.com ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হলে কিউআর কোডসহ একটি ডিজিটাল ফুয়েল কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে, যা মোবাইলে সংরক্ষণ বা প্রিন্ট করে ব্যবহার করা যাবে।ফুয়েল পাম্পে জ্বালানি নেওয়ার সময় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে গ্রাহকের পূর্ববর্তী লেনদেনের তথ্য যাচাই করা যাবে এবং প্রতিটি নতুন লেনদেন তাৎক্ষণিকভাবে ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত হবে।এই ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনভিত্তিক ও ন্যায্য জ্বালানি বরাদ্দ, প্রতিটি লেনদেনের রিয়েল-টাইম ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি ফুয়েল স্টেশনগুলোতে দ্রুত ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে সকল যানবাহনের মালিক ও চালকদের অনলাইনে নিবন্ধন করে এই সিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে সঠিকভাবে এই উদ্যোগ ব্যবহার এবং অন্যদেরও এতে অংশগ্রহণে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য FUEL TRACK BD হেল্পলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, ন্যায্যতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে।