উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
বাঘাইছড়িতে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ৬ জন নিরীহ পাহাড়িকে অপহরণ করা হয়েছে।দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের অজলচুগ আমতলা এলাকা হতে ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা দু'জন মোটরসাইকেল চালকসহ মোট ৬ জন জুম্ম যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। জানা যায়, তারা ব্যক্তিগত কাজে বাঘাইহাট এলাকায় গিয়েছিলেন, বাঘাইহাট থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।জানা যায়, গতকাল (১৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত হওয়া যুবকরা হলেন- আশাপ্রিয় চাকমা (২৯), পিন্টু চাকমা (২৬), কালায়ে চাকমা (৩১), সুমন চাকমা (২৩), কুশল চাকমা ওরফে রকেট (৩৫)। আরেকজনের নাম জানা যায়নি। তাদের সকলের বাড়ি বাঘাইছড়ির উগলছড়ি ও কজইছড়ি এলাকায়। ইউপিডিএফ'র সাবেক কর্মী বিকাশ চাকমা ও সশস্ত্র সদস্য অজল চাকমার নেতৃত্বে এ অপহরণের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।সর্বশেষ সূত্র অনুযায়ী আটক হওয়া যুবকদের স্ব স্ব অভিভাবককে আজ (২০ এপ্রিল ২০২৬) দুপুর ২টার মধ্যে তাদের আস্তানায় উপস্থিত থাকার জন্য ইউপিডিএফ (প্রসীত) দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য যে, অপহৃতদের মধ্যে পিন্টু চাকমা ও কালায়ে চাকমা পেশাদার মোটরসাইকেল চালক এবং বাকীদের মধ্যে কুশল চাকমা (রকেট) সাবেক ইউপিডিএফ'র কর্মী বলে জানা গেছে। বাকিরা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে জানা গেছে।ঘটনার সত্যতা জানতে ইউপিডিএফ’র একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন বলেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তিনি জানান, পুলিশ ছায়া তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।