উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো. ফয়সাল আহমেদ , রাঙ্গামাটি সদর প্রতিনিধি ||
পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটি এবং সামনে আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ের শহর রাঙামাটি। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি শহরের আসামবস্তি এলাকায় অবস্থিত ‘ব্রাজিল ব্রিজ’ ও পার্শ্ববর্তী ‘আর্জেন্টিনা ব্রিজ’ এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।শুক্রবার (২৯ মে) ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে রাঙামাটি। সাজেক ভ্যালি, কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্কসহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। এরই মধ্যে ফুটবলপ্রেমীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আসামবস্তি এলাকার দুটি সেতু।স্থানীয়দের ভাষ্যমতে, হলুদ-সবুজ রঙে সজ্জিত হওয়ায় একটি সেতু ‘ব্রাজিল ব্রিজ’ নামে পরিচিতি পেয়েছে। অন্যদিকে আকাশি-সাদা রঙে রাঙানো অপর সেতুটি ‘আর্জেন্টিনা ব্রিজ’ নামে পরিচিত। আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে এই দুই সেতুর রঙ ও নামকরণ পর্যটক এবং স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেতু দুটিতে পর্যটক ও স্থানীয় ফুটবলপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই প্রিয় দলের রঙে সাজানো সেতুর সামনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। একদিকে ব্রাজিল সমর্থক, অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের প্রাণবন্ত আলোচনা, খুনসুটি ও তর্ক-বিতর্কে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।পর্যটকদের মতে, পাহাড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ফুটবলকে ঘিরে তৈরি হওয়া এই অনন্য পরিবেশ তাদের ভ্রমণকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।এদিকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক উপস্থিতি রাঙ্গামাটির পর্যটন খাত ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।