উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সুমন খান, রাজস্থলী উপজেলা প্রতিনিধি ||
আন্তর্জাতিক টেবিল টেনিস অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনা কৃতি খেলোয়াড় খই খই মারমার পরিবারের জন্য নির্মিত একটি আধা-পাকা ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন) রাজস্থলী উপজেলার চুশাকপাড়া এলাকায় তাঁর পরিবারের কাছে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।জানা গেছে, ইসলামিক সলিডারিটি গেমসে পদকজয়ী দেশের অন্যতম সেরা টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা দীর্ঘদিন ধরে জীর্ণশীর্ণ ও বাঁশের বেড়ার একটি ঘরে বসবাস করতেন। তাঁর অসামান্য ক্রীড়া সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাঙামাটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি স্থায়ী আধা-পাকা ঘর নির্মাণ করা হয়।রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর পক্ষে রাজস্থলীতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ঘরটি খই খই মারমার পরিবারের কাছে হস্তান্তর করেন।এর আগে জেলা প্রশাসক নাজমা আশরাফী সরেজমিনে স্থান পরিদর্শন করে ঘর নির্মাণের আশ্বাস দেন এবং কাজটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।ঘর হস্তান্তর অনুষ্ঠানে কাপ্তাই খাদ্য বিভাগের ওসিএলএসডি পলাশ, স্থানীয় ইউপি সদস্য ক্যাসাচিং মারমা, নুরুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।স্থানীয়রা বলেন, দেশের জন্য গৌরব বয়ে আনা একজন ক্রীড়াবিদের প্রতি প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে খই খই মারমা ও তাঁর পরিবারের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে।