উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শাকিব আল হাসান , রাঙ্গামাটি সদর প্রতিনিধি ||
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাঙ্গামাটিতে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকার শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।ম্যাচে দুই দলের সমর্থকরা নিজ নিজ প্রিয় দলের জার্সি পরে অংশগ্রহণ করেন। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি, উল্লাস ও সমর্থনে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।খেলার শুরু থেকেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে গঠিত দুটি দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ, দৃষ্টিনন্দন পাসিং এবং বল দখলের লড়াইয়ে ম্যাচটি হয়ে ওঠে অত্যন্ত উপভোগ্য। পুরো সময়জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি ড্রয়ে শেষ হয়।আয়োজকরা জানান, ফুটবল শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, সম্প্রীতি ও বন্ধুত্বেরও প্রতীক। বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।খেলা দেখতে আসা দর্শনার্থীরা বলেন, মাঠের লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে মাঠের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে ছিল চমৎকার বন্ধুত্বপূর্ণ পরিবেশ। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।