উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রুংদ্রংপাড়ায় মদ ভেবে বিষপান করে এক গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মৃত যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)। তিনি উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রুংদ্রংপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মিলন বড়ুয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, রিংকন চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ জানান, গত বুধবার (১৭ জুন) রাতে বাড়িতে রাখা মদের বোতল মনে করে ভুলবশত জমিতে ঘাস নিধনের জন্য ব্যবহৃত বিষ পান করেন রিংকন। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মুখ থেকে বিষ ফেলে দিলেও এর কিছু অংশ তার পাকস্থলীতে চলে যায়।এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে রিংকন বড়ুয়া মারা যান।এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন জানান, মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।