উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সুমন খান, রাজস্থলী উপজেলা প্রতিনিধি ||
মায়ের কোলই সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু সেই মায়েরই যখন নিজের সাত মাসের শিশুকে কোলে নেওয়ার শক্তি থাকে না, তখন তা হয়ে ওঠে এক হৃদয়বিদারক বাস্তবতা। রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ম্রুংদ্রং পাড়ার ২১ বছর বয়সী টুম্পা দাশ আজ সেই নির্মম বাস্তবতার শিকার।২০২৫ সাল থেকে হিপ জয়েন্টের জটিল রোগে আক্রান্ত টুম্পা দাশ প্রতিদিন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। একসময় যে তরুণী স্বপ্ন দেখেছিলেন সুন্দর সংসার গড়ার, আজ তিনি স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। নিজের দৈনন্দিন কাজও করতে হয় অন্যের সহায়তায়।সবচেয়ে বেশি কষ্ট তাঁকে তাড়িয়ে বেড়ায় তাঁর মাত্র সাত মাস বয়সী কন্যাসন্তানকে ঘিরে। সন্তানকে কোলে নেওয়া, আদর করা কিংবা মায়ের স্নেহে আগলে রাখার মতো সহজ কাজগুলোও এখন তাঁর কাছে অসম্ভব হয়ে উঠেছে। একজন মায়ের এই অসহায়ত্ব চোখে জল এনে দেয় স্বজনদেরও।পরিবার জানায়, প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। কিন্তু প্রায় ১০ লাখ টাকার চিকিৎসা ব্যয় বহন করা দরিদ্র পরিবারটির পক্ষে সম্ভব নয়। ইতোমধ্যে চিকিৎসার পেছনে সর্বস্ব ব্যয় করে এখন তারা নিঃস্ব।চিকিৎসকদের মতে, সময়মতো অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে টুম্পা দাশ সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। কিন্তু অর্থের অভাবে সেই সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।কান্নাজড়িত কণ্ঠে টুম্পা দাশ বলেন, "আমি শুধু সুস্থ হয়ে আমার ছোট্ট মেয়েটিকে নিজের বুকে জড়িয়ে ধরতে চাই। ওকে কোলে নিতে না পারার কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আপনাদের একটু সহযোগিতা আমার জীবন বদলে দিতে পারে।"স্থানীয় বাসিন্দারা জানান, টুম্পা একজন সংগ্রামী তরুণী। অর্থের অভাবে তাঁর চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। তাঁরা সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।একজন মায়ের জীবন বাঁচানো মানেই একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ রক্ষা করা। টুম্পা দাশের চিকিৎসার জন্য আজ প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা।মো: সুমন খান রাজস্থলী উপজেলা প্রতিনিধি যোগাযোগ: ০১৮৭১২৩৫২৯৩ সহযোগিতা ও যোগাযোগ:বিকাশ: 01606195733নগদ: 01839797511রোগীর সঙ্গে যোগাযোগ: 01885838659আপনার সামান্য সহায়তাও ফিরিয়ে দিতে পারে এক মায়ের হাসি, আর একটি শিশুর ভবিষ্যৎ।