চট্টগ্রামে রাউজানের সর্ববৃহৎ ঈদ জামাত কাগতিয়া দরবার শরীফে অনুষ্ঠিত।
অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানে সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় এই ঈদ জামাত সম্পন্ন হয়।ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লী দরবার শরীফে সমবেত হন। মুসল্লীদের উপস্থিতিতে দরবার শরীফ ও আশপাশের পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।জামাতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও দরুদ-কিয়াম শেষে সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর ফুয়ুজাত কামনায় আখেরী মোনাজাত করা হয়।