রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার জায়েন্ট অব পাহাড়তলী একাদশ।মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘ আয়োজিত ফাইনালে জায়েন্ট অব পাহাড়তলী একাদশ ৮ উইকেটে রাউজান রাবার বাগান ক্রিকেট একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।বৃষ্টির কারণে নির্ধারিত ১৪ ওভারের পরিবর্তে ম্যাচটি ৬ ওভার করে আয়োজনের সিদ্ধান্ত নেয় টুর্নামেন্ট পরিচালনা কমিটি। টস জিতে প্রথমে ব্যাট করে রাউজান রাবার বাগান ক্রিকেট একাদশ ৬ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। জবাবে জায়েন্ট অব পাহাড়তলী একাদশ ২ উইকেট হারিয়ে মাত্র ৪ ওভার ২ বলে ৫৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। তিনি বলেন, “জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে এই টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরুণদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও কৃতি ফুটবলার মো. জামাল উদ্দিনসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন অপু। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রজব আলী রাজু, মোশাররফ হোসেন রিংকু, ইয়াকুব, আমিনুল ইসলাম সজল ও মো. ইউসুফ আলী।ফাইনাল ম্যাচ পরিচালনা করেন নোমান ও মোহাম্মদ ওমর ফারুক সিকদার (মনা)। ধারাভাষ্য প্রদান করেন ওসমান গনি তনু।উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।