সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সমর্থন পুনর্ব্যক্ত।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো। এ আইনি প্রক্রিয়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটির সদস্য দেশগুলো।রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) ৫২তম সম্মেলনের ফাঁকে ‘রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা বিষয়ক ওআইসি মন্ত্রীপর্যায়ের অ্যাড-হক কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইসিজেতে চলমান রোহিঙ্গা গণহত্যা মামলার প্রতি সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেন সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।বৈঠকে সহসভাপতি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্য দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য।রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি সদস্য রাষ্ট্রগুলোকে মানবিক সহায়তা বাড়ানো এবং চলমান আইনি লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের অগ্রাধিকারে রোহিঙ্গাদের দুর্দশার বিষয়টি ধরে রাখতে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থাপিত পাঁচ দফা কার্যপরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে জরুরি ও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের পাশাপাশি বিদ্যমান আইনি কাঠামোর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সংহতিকে সুনির্দিষ্ট উদ্যোগে রূপ দিতে হবে, যাতে সংকটের স্থায়ী সমাধানের পথ ত্বরান্বিত হয়।বৈঠকে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো আইসিজেতে চলমান মামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। পাশাপাশি রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা এবং সংকটের স্থায়ী সমাধানের সম্ভাবনা এগিয়ে নিতে সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।উল্লেখ্য, মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ সংকটের টেকসই সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা।

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সমর্থন পুনর্ব্যক্ত।