রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার–এসপি অফিস সংলগ্ন সড়কের হোটেল সোনার বাংলার সামনে একদিনের ব্যবধানে আবারও মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও এক পথচারী আহত হন। এর মধ্যে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল হোটেল সোনার বাংলার সামনে পৌঁছালে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেন। এতে পথচারী ও মোটরসাইকেল আরোহী দুজনই সড়কে ছিটকে পড়ে আহত হন।আহত মোটরসাইকেল চালকের নাম মো. মিনার। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রূপনগর (ভেদভেদী) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. ফোরকান। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং একাধিক সেলাই দিতে হয়েছে। পথচারীও মাথায় আঘাত পেয়েছেন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর বান্দরবান-ল-১১-০০০২।প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ঘটনাস্থলে থাকা ল্যাম্পপোস্টগুলোতে দীর্ঘদিন ধরে আলো না থাকায় রাতের বেলায় পথচারীকে মোটরসাইকেল চালক দেখতে পারেননি। তাঁর মতে, এ দুর্ঘটনায় সড়কের অপর্যাপ্ত আলোকসজ্জাও একটি গুরুত্বপূর্ণ কারণ।অন্যদিকে আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, অনেক পথচারী রাস্তা পারাপারের সময় দুই পাশ না দেখে হঠাৎ সড়কে উঠে পড়েন। একইভাবে কিছু সিএনজি চালকও সতর্কতা ছাড়াই যানবাহন ঘোরান। তাই শুধু মোটরসাইকেল চালককে দায়ী না করে সবার সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।স্থানীয় বাসিন্দারা জানান, হোটেল সোনার বাংলার সামনের এই ব্যস্ততম সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। সড়কটির পাশে পুলিশ সুপারের কার্যালয়, অগ্রণী ব্যাংক, মহিলা কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও শিক্ষার্থী চলাচল করেন। এছাড়া এটি একটি তিনমুখী সড়ক হওয়ায় যান চলাচলও অত্যন্ত ব্যস্ত। নির্ধারিত স্থান ছাড়া বিভিন্ন যানবাহনের যাত্রী ওঠানামা, মালামাল লোড-আনলোড এবং সড়কের পাশে এলোমেলো পার্কিং দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ তাদের।এ অবস্থায় স্থানীয়রা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে দ্রুত এ এলাকায় স্পিড ব্রেকার নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন, পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।