খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বাটনাশিবির, থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের মদদে বিভিন্ন উপজেলা থেকে উপজাতীয় পরিবার এনে বাঙালি গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডভুক্ত ভূমি জোরপূর্বক দখল করে বসতি স্থাপনের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ, রামগড় উপজেলা শাখা।শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় রামগড় বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গুচ্ছগ্রামবাসী, স্থানীয় বাসিন্দা এবং সংগঠন দুটির নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রামবাসীরা নিজেদের রেকর্ডীয় ভূমিতে যেতে চাইলে ইউপিডিএফের সন্ত্রাসী ও ভূমি দখলকারীদের হামলা ও মারধরের শিকার হচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলে বক্তারা দাবি করেন।মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ভূমি উদ্ধার এবং গুচ্ছগ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, দখলকৃত ভূমি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।সমাবেশে বক্তারা প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে গুচ্ছগ্রামবাসীদের ভূমি উদ্ধার এবং নিরাপত্তার ব্যবস্থা করা না হলে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি ও পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমদ, রামগড় উপজেলা শাখার সভাপতি ইউনুছ ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ছাত্রবিষয়ক সম্পাদক ছরোয়ার হোসেন রিয়াদ এবং গুচ্ছগ্রামবাসীর প্রতিনিধি সাহেব উল্লাহ ও আবু আহমদ।বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট এলাকায় ভূমি দখল ও গুচ্ছগ্রামবাসীদের হয়রানির ঘটনায় প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।